Advertisement
Us Bangla Airlines
বাছাইপর্ব ছাড়াই এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ

বাছাইপর্ব ছাড়াই এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ১৭:২৯

২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে বাছাইপর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছেলেদের ইভেন্টে সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিশ্চিত হয়েছে, ছেলেদের বিভাগে মোট ১০টি দল অংশ নিলেও বাংলাদেশসহ চার দল সরাসরি নকআউট পর্ব থেকে অভিযান শুরু করবে।

বাকি ছয় দল প্রথম রাউন্ডে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে।

ছেলেদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচ হবে জাপানের নাগোয়ায় এবং খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে।

অন্যদিকে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ভারতের প্রতিপক্ষ জাপান, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। মেয়েদের ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। ছেলেদের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জেতে ভারত।

এমআই