Advertisement
Us Bangla Airlines
এবার ঘরের মাটিতেও খেলা হচ্ছে না নাহিদ রানার

এবার ঘরের মাটিতেও খেলা হচ্ছে না নাহিদ রানার

খেলা ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

চোটের সঙ্গে লড়াই যেন শেষই হচ্ছে না নাহিদ রানার। দুই মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে বাংলাদেশের গতিতারকা। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু ফেরার লড়াইয়ে নতুন করে ধাক্কা খেয়েছেন এই পেসার। পরিস্থিতি যা, তাতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকায় এরই মধ্যে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন নাহিদ। সুস্থ হয়ে ওঠার আশায় নিয়মিত অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন। তবে সম্প্রতি আবারও ব্যথা অনুভব করায় নতুন করে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা না পড়লেও পুরোপুরি স্বস্তিতে নেই এই পেসার।

ব্যথা এখনো ভোগাচ্ছে নাহিদকে। যে কারণে বোলিংয়েও ফিরতে পারছেন না স্বাভাবিক ছন্দে। গতকাল মিরপুরে কয়েকটি বল করার পরই আবার ব্যথা অনুভব করেন তিনি। ফলে পুনর্বাসনপ্রক্রিয়া ও মাঠে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

নাহিদের সর্বশেষ স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করতে বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। সেখানে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে কাতার, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হতে পারে।

ব্যথা কিছুটা কমলেও নাহিদের মাঠে ফেরার পথ এখনো পরিষ্কার নয়। তাঁর শারীরিক অবস্থা, বোলিংয়ের চাপ সামলানোর সক্ষমতা ও ওয়ার্কলোড বিবেচনায় নিয়েই পরবর্তী পদক্ষেপ নিতে চায় বোর্ড। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে ফেরানোর তাড়াহুড়ো করতে নারাজ বিসিবি।

সামনে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরও রয়েছে। গুরুত্বপূর্ণ সেই সফরের আগে নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড। পেসার নিজেও চান শতভাগ ফিট হয়ে মাঠে ফিরতে। সবমিলিয়ে, ব্যথা কমলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ।