Advertisement
Us Bangla Airlines
১৭ রানের জন্য রেকর্ড হলো না তামিমের

১৭ রানের জন্য রেকর্ড হলো না তামিমের

খেলা ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

রেকর্ডের খুব কাছে গিয়েও শেষ রক্ষা হলো না তানজিদ তামিমের। ব্যাট হাতে যেভাবে ঝড় তুলছিলেন, তাতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নতুন করে লেখার স্বপ্ন দেখতেই পারতেন তিনি। কিন্তু ১৭ রান দূরে থাকতেই থামল তাঁর ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে ৭১ বলে ৮৩ রান করে ফিরতে হলো সাজঘরে। সঙ্গে রয়ে গেল বড় এক আক্ষেপ।

শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও ছিলেন তানজিদ। মাত্র ৪১ বলে তুলে নেন অর্ধশতক। তার ব্যাটিংয়ের গতি আর আগ্রাসন দেখে ধারাভাষ্যকারদের আলোচনায়ও উঠে আসে টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির প্রসঙ্গ। প্রতিটি শটেই যেন রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত সেই দৌড় থামল ৮৩ রানেই।

বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো যৌথভাবে তামিম ও সৌম্য সরকারের দখলে। দুজনেরই শতক এসেছে ৯৪ বলে। তামিম ইংল্যান্ডের বিপক্ষে, আর সৌম্য নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন এই কীর্তি। তানজিদ যেভাবে ব্যাট করছিলেন, তাতে সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা ছিল যথেষ্ট। কিন্তু ১৭ রান বাকি থাকতেই আউট হয়ে যান তিনি।

তানজিদের বিদায়টা ছিল তার দুর্দান্ত ইনিংসের সঙ্গে বড্ড বেমানান। অফ স্টাম্পের বেশ বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার ধরনটি যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। মাঠ ছাড়ার সময় মুখে ছিল হতাশার ছাপ। ডাগআউটে ফিরেও দীর্ঘক্ষণ বসে ছিলেন মন খারাপ করে। সতীর্থরা সান্ত্বনা দিতে এগিয়ে এলেও সেই আক্ষেপ কাটেনি।

আফগানিস্তানের বোলিং আক্রমণে গতির ঝড় তোলার মতো এক্সপ্রেস পেসার নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে বারবার এক পা এগিয়ে এসে রান বের করছিলেন তানজিদ। তার আগ্রাসী ব্যাটিংয়ে লাগাম টানতে উইকেটরক্ষককে সামনে এগিয়ে আনে আফগানিস্তান। কৌশল বদলের সেই চেষ্টাই শেষ পর্যন্ত কাজে দেয়।

এদিকে দ্রুততম সেঞ্চুরির তালিকায় বাংলাদেশের হয়ে পরের অবস্থানগুলোতেও রয়েছে উল্লেখযোগ্য কীর্তি। মুমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ বলে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে সেঞ্চুরি করেছেন। তামিম ইকবাল টেস্টে দুবার ১০০ বলে শতক হাঁকিয়েছেন, একটি নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে।