ভারতের ছাত্র আন্দোলনকে ঘিরে নতুন বার্তা দিলেন গিল
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২০:১০
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। জন্তর মন্তরে চলমান এই বিক্ষোভের মধ্যে শিক্ষার্থী, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। সামাজিকমাধ্যমে গিল শিক্ষার্থীর সুযোগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘একজন তরুণ ভারতীয় হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের প্রজন্মের প্রতিটি মানুষের শেখার, স্বপ্ন দেখার এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখার সমান সুযোগ থাকা উচিত। যারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মত প্রকাশ করে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘শিক্ষা আমাদের জাতির ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে বড় শক্তি। তাই সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিটি শিক্ষার্থীর সর্বোত্তম স্বার্থকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যাওয়া উচিত।’
তবে গিল তার পোস্টে সরাসরি চলমান আন্দোলন বা কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। বরং শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থানই তুলে ধরেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত দুই মাস ধরে জন্তর মন্তরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। অন্যদিকে, আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন।
এমআই