অস্ট্রেলিয়া স্কোয়াডকে কেন ‘বাংলাদেশের অর্জন’ বলছেন শান্ত?
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২০:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ সিরিজকে ঘিরে স্বাগতিকরা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। দলে স্টার্ক, হ্যাজলউড, কামিন্স, স্মিথ, লাবুশানসহ সব বড় তারকারা রয়েছেন। টাইগারদের বিপক্ষে এমন শক্তিশালী স্কোয়াড ঘোষণাকে নিজেদের অর্জন মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশি অধিনায়কের মতে, অস্ট্রেলিয়া যে শক্তিশালী দল ঘোষণা করেছে, সেটিই প্রমাণ করে বাংলাদেশকে তারা আর আগের মতো সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না। বরং বাংলাদেশকে আমলে নিয়ে তারা নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। এমন বিষয়কে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
শুক্রবার নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘সাধারণত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এমন ঘটনা এর আগে আমি কখনও দেখিনি। আমাদের সঙ্গে খেলার সময় অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এবার অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। আমি বলব, এটা আমাদের একটা অর্জন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি মনে করেন, প্রতিপক্ষ যত শক্তিশালী হবে, নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগও তত বাড়বে।
শান্ত বলেন, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’
২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজে ভালো পারফরম্যান্স দিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য থাকবে শান্তদের। সিরিজ জিতলে ফাইনালের দৌড়েও এগিয়ে থাকবে টাইগাররা।
এমআই