ফিফটি হাতছাড়া, তবুও রেকর্ড গড়লেন ইমন
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২১:৫৯
ফিফটির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেই মাইলফলক ছুঁতে পারলেন না পারভেজ হোসেন ইমন। তবে ব্যক্তিগত অর্জনের খাতায় ঠিকই যোগ করেছেন নতুন একটি রেকর্ড। বাংলাদেশের দ্রুততম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার।
লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইমন। ১৬ ওভার শেষে তার রান ছিল ৪০। মাত্র ২৪ বলে এই রান করতে তিনি হাঁকিয়েছিলেন ৩টি চার ও ৩টি ছক্কা। ম্যাচে তখনো চার ওভার বাকি থাকায় সমর্থকদের অপেক্ষা ছিল তার ফিফটির জন্য।
তবে শেষ দিকে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ইমন। ৪০ রানের পর ১১ বল খেলে যোগ করেন মাত্র ৭ রান। ফলে ২০ ওভার শেষে ৪৭ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করতে হয় তাকে। ফিফটি না পেলেও দলকে ১৭৬ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এর মধ্যেই গড়েছেন নতুন কীর্তি। মাত্র ১০৩ ইনিংসে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করে বাংলাদেশের দ্রুততম ব্যাটার হয়েছেন ইমন। এর আগে এই রেকর্ড ছিল তানজিদ হাসান তামিমের দখলে। গেল জিম্বাবুয়ে সিরিজে তিনি ১১১ ইনিংসে ১৫০ ছক্কা পূর্ণ করেছিলেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১৩ জন বাংলাদেশি ব্যাটার ১৫০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। তবে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড এখন পারভেজ হোসেন ইমনের।
এমআই