দ্য হান্ড্রেডে এত রান আগে দেখা যায়নি
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১২:৩০
দ্য হান্ড্রেডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বার্মিংহাম ফিনিক্স ও ট্রেন্ট রকেটস। শুক্রবার বার্মিংহামে দুই দলের ম্যাচে হয়েছে মোট ৪১৮ রান, যা টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। শত বলের এই প্রতিযোগিতায় এর আগে কোনো ম্যাচে এত রান হয়নি।
ম্যাচের শুরুতে ব্যাট করে ১০০ বলে ৪ উইকেটে ২১৪ রান করে বার্মিংহাম ফিনিক্স। দলের ইনিংসের ভিত গড়ে দেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান জো ক্লার্ক ও উইল স্মিড। ক্লার্ক ৩৩ বলে ৬৮ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। স্মিডের ব্যাট থেকে আসে ২৮ বলে ৫১ রান।
মিডল অর্ডারে রেহান আহমেদ ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ দিকে অধিনায়ক ডোনোভান ফেরেইরা ৯ বলে অপরাজিত ২২ এবং শন ডিকসন ২ বলে অপরাজিত ৮ রান করে দলকে ২১৪ রানে পৌঁছে দেন।
ট্রেন্ট রকেটসের হয়ে ক্যালভিন হ্যারিসন ২টি উইকেট নেন। মোহাম্মদ আমির ও লুইস গ্রেগরি পান একটি করে উইকেট।
২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণই করেছিল ট্রেন্ট রকেটস। ফিন অ্যালেন ১৭ বলে ৪৩ এবং বেন ডাকেট ২৫ বলে ৪৯ রান করে দলকে দ্রুত এগিয়ে নেন। এরপর টম ব্যান্টনের ৩২ বলে ৬৭ রানের ইনিংসে ম্যাচে টিকে ছিল রকেটস।
তবে শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্য ছোঁয়া হয়নি তাদের। নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটে ২০৪ রান করে তারা। তাতে ১০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রকেটস।
ফিনিক্সের হয়ে স্কট কারি ও উসমান তারিক দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান বেন ডোয়ারশুইস ও মিচেল ওউইন।
এই ম্যাচে দুই দলের মিলিয়ে ৪১৮ রান হয়েছে, যা দ্য হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে টুর্নামেন্টির এক ম্যাচে সর্বোচ্চ রান ছিল ৩১৬। ২০২১ সালে নটিংহ্যামে ফিনিক্স ও রকেটসের ম্যাচে হয়েছিল সেই রান। ২০২২ সালে এই দুই দলের আরেক ম্যাচে হয়েছিল ২৯৪ রান।
এমআই