‘আমরা নাহিদের ওয়ার্কলোড নিয়ে সতর্কই ছিলাম’
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৪:০৮
নাহিদ রানার চোট নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল না বলে দাবি করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাঁর মতে, এই পেসারের ওয়ার্কলোড যথেষ্ট সতর্কতার সঙ্গেই নিয়ন্ত্রণ করা হয়েছে। বরং চোটটিকে নিছকই একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সাইড স্ট্রেইনে পড়েন নাহিদ রানা। সেই চোটে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে।
নাহিদের চোট নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘পেস বোলাররা বোলিংয়ের পর চোটে পড়বে, এটা খেলারই অংশ। কিন্তু চোটের কারণে যদি খেলতে না পারে, সেটি অবশ্যই দুর্ভাগ্যজনক। আমরা সবকিছু বিবেচনা করেই এগিয়েছিলাম। সে কারণেই তাকে টেস্টে খেলাইনি। ওয়ানডেতেও সব ম্যাচ খেলানো হয়নি। টি-টোয়েন্টিতেও হয়তো দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচ খেলত না। কিন্তু এটা হয়ে গেছে।’
প্রধান নির্বাচকের মতে, নাহিদের চোটকে আলাদা কোনো পরিকল্পনার ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমার কাছে এটা নিছকই একটা দুর্ঘটনা। নাহিদ রানা, তাসকিন, শরিফুল আমাদের টেস্টের নিয়মিত বোলার। সামনের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই সেটাকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচকে অতটা প্রাধান্য দিইনি।’
নাহিদের খেলার চাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছিল বলেও জানান বাশার। তিনি বলেন, ‘নাহিদ তিন ওয়ানডের মধ্যে দুটি খেলেছে। একটি টি-টোয়েন্টি খেলে দ্বিতীয় ম্যাচে খেলতে গিয়ে চোটে পড়েছে। আমার মনে হয়, চোটটা হয়তো আগেই দেখা দিয়েছিল। এখানে না হলে টেস্ট ম্যাচেও হতে পারত।’
ফাস্ট বোলারদের বড় সিরিজের আগে ধাপে ধাপে প্রস্তুত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধান নির্বাচক। তাঁর ভাষায়, ‘আমরা যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। ফাস্ট বোলারদের বড় সিরিজের আগে ধাপে ধাপে প্রস্তুত করার পরিকল্পনা থাকে।’
এমআই