Advertisement
Us Bangla Airlines
দুই মাসের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

দুই মাসের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ১৫:৩৮

সাইড স্ট্রেইনের চোটে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরের পুরো সিরিজেই এই গতিতারকাকে পাচ্ছে না বাংলাদেশ। এমনকি ভারত বাংলাদেশে সফর করলেও সেখানেও নাহিদকে পাওয়া নিয়ে থাকবে শঙ্কা।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী, চোট থেকে সেরে উঠতে নাহিদকে প্রথমে এক মাসের পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে মাঠে ফিরতে তাঁর আরও প্রায় এক মাস সময় লাগতে পারে। সবমিলিয়ে অন্তত দুই মাস মাঠে থাকা হচ্ছে না তার।

নাহিদের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে লিটন দাস ও শরিফুল ইসলামকেও পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চোটের কারণে এই দুই ক্রিকেটারের প্রথম টেস্টে খেলা অনিশ্চিত প্রায়।

দলের একটি সূত্র জানিয়েছে, লিটন ও শরিফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করবে তাঁদের ফিটনেস পরীক্ষার ওপর। পরীক্ষায় পাস করলেই কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন তাঁরা। প্রয়োজন হলে বাংলাদেশ অতিরিক্ত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় পাঠাতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় দুই দল।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

এমআই