এলপিএলেও ব্যর্থতার শিকল ভাঙতে পারেননি মিরাজ
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৮:২২
জাতীয় দলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছন্দ খুঁজে পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সুযোগ পেয়েও ব্যাটে-বলে রাখতে পারছেন না কোনো ছাপ। বিভিন্ন পজিশনে তাকে খেলিয়ে মিলেনি সুফল। ফলে মিরাজের টানা ব্যর্থতায় এখন বিপাকে পড়েছে তাঁর দল গল গ্ল্যাডিয়েটর্স।
অফফর্মের মধ্যেই মিরাজকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। চার ম্যাচ খেলার সুযোগ পেলেও সেই আস্থার প্রতিদান দিতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এক ম্যাচে একাদশের বাইরে থাকলেও ফেরার পরও বদলায়নি তাঁর পারফরম্যান্স।
সবশেষ ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে মিরাজকে বোলিংই করাননি অধিনায়ক দাসুন শানাকা। পরে তাঁকে ওপেনিংয়ে নামানো হলেও ইনিংসটি থেমে যায় মাত্র ৫ রানে। নুয়ান থুসারার ফুলটস বলে মিরাজের আউট হওয়ার ধরণও ছিল দৃষ্টিকটু। জাতীয় দলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যর্থতার শিকল ভাঙতে পারছেন না তিনি।
এলপিএলে কখনো টপ অর্ডারে, কখনো মিডলঅর্ডারে, আবার কখনো নিচের দিকে ব্যাট করতে নেমেছেন মিরাজ। কিন্তু কোনো পজিশনেই দলের জন্য কার্যকর অবদান রাখতে পারেননি। চার ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৪৪ রান, গড় ১১। বল হাতেও ছিলেন নিষ্প্রভ। রান খরচ করলেও এখনো কোনো উইকেটের দেখা পাননি এই অলরাউন্ডার।
মিরাজের ধারাবাহিক ব্যর্থতায় একাদশের ভারসাম্য নিয়েও ভাবতে হচ্ছে গলকে। তাঁকে কোন পজিশনে খেলালে সেরাটা পাওয়া যাবে, সেটিও যেন বুঝে উঠতে পারছেন না অধিনায়ক শানাকা। অবশ্য মিরাজকে বাদ দিয়ে একাদশ সাজানোর মতো দলটির কাছে বিকল্প বিদেশি ক্রিকেটার খুব একটা নেই।
এমআই