অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন লিটন-শরিফুল?
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৮:৫৯
অস্ট্রেলিয়া সফরের আগে একের পর এক চোটে দুশ্চিন্তায় বাংলাদেশ দল। নাহিদ রানা আগেই ছিটকে গেছেন। তবে অধিনায়ক লিটন দাস ও পেসার শরিফুল ইসলামকে নিয়ে এখনো পুরোপুরি আশা ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুনর্বাসন ও ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে দ্বিতীয় টেস্টে তাদের পাওয়া যেতে পারে।
বিসিবির মেডিকেল বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পাওয়া শরিফুল ২৯ জুলাই থেকে আবার বোলিং শুরু করবেন। ১২ আগস্ট তার ফিটনেস পরীক্ষা হবে। প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম হলেও বোলিং ওয়ার্কলোড সফলভাবে শেষ করে চিকিৎসকদের ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় থাকবেন তিনি।
অধিনায়ক লিটনের বাম পায়ের পেশির চোটের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে পিআরপি (প্লেটলেট-রিচ প্লাজমা) থেরাপি দেওয়া হয়েছে। আগামী ২৮ জুলাই থেকে তিনি দৌড় ও কন্ডিশনিং শুরু করবেন। ১৩ আগস্ট ফিটনেস মূল্যায়নের পরিকল্পনা রয়েছে। পুনর্বাসন সফলভাবে শেষ করে ফিটনেস ক্লিয়ারেন্স পেলে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ থাকতে পারে তাঁর।
অন্যদিকে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে আগেই ছিটকে গেছেন নাহিদ রানা। বিসিবি জানিয়েছে, টিস্যু সেরে উঠতে তাঁর প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে প্রয়োজন হবে আরও দুই থেকে চার সপ্তাহ। অর্থাৎ চোট পাওয়ার দিন থেকে হিসাব করলে পুরোপুরি সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
দীর্ঘদিন ধরে চোটে থাকা পেসার তানজিম হাসান সাকিবের ফেরার সময়ও এখনো নিশ্চিত নয়। হাড়ের ফ্র্যাকচার কতটা সেরেছে, তার ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়। বিসিবির আশা, চলতি বছরের শেষ দিকে তিনি খেলায় ফিরতে পারবেন।
এদিকে জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের অবস্থার উন্নতি হচ্ছে। ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে উঠতে নিয়মিত পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। চলতি মাসের শেষ দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৮ আগস্টের পর থেকে তিনি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারেন।
এমআই