Advertisement
Us Bangla Airlines
নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

খেলা ডেস্ক

২৭ জুলাই ২০২৬, ১৭:৪১

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যস্ততা থেমে নেই। বিশ্বের প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেলা এই অভিজ্ঞ অলরাউন্ডার এবার নাম লিখিয়েছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। আসন্ন আসরে পোখরা এভেঞ্জার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। এ সময়ে বোলিং অ্যাকশন নিয়েও জটিলতায় পড়েছিলেন তিনি। তবে সেই বাধা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি অলরাউন্ডার।

এরপর একে একে গ্লোবাল সুপার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), যুক্তরাষ্ট্রের একাধিক মাইনর লিগ এবং আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। এছাড়া সুইডেন ও ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও খেলার সুযোগ পেয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নেওয়ার পর সেখান থেকে যোগ দেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। বর্তমানে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলছেন তিনি। এর মধ্যেই নিশ্চিত হয়েছে নেপাল প্রিমিয়ার লিগে তার নতুন ঠিকানা। এই অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পোখরা এভেঞ্জার্স।

দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ চাহিদা রয়েছে সাকিবের। ৪০ বছরে পা রাখলেও অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও তাকে দলে ভেড়াতে আগ্রহী। নেপাল প্রিমিয়ার লিগে ডাক পাওয়াও সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ।

এমআই