জিম্বাবুয়েকে হারিয়ে ফের শীর্ষে উঠলো ভারত
খেলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ২১:৩১
জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে সিরিজ জয়ের পর আইসিসির টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে আবারও এক নম্বর অবস্থানে ফিরেছে টিম ইন্ডিয়া।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ হারায় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয়েছিল ভারতকে। আয়ারল্যান্ডের কাছে ২-০ এবং ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ পরাজয়ের পর পিছিয়ে পড়ে তারা।
তবে জিম্বাবুয়ে সফরে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচেও ৩৫ রানের জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করে তারা।
এই সিরিজ জয়ের সুবাদেই আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছে ভারত। রেটিংয়ে ভারত ও ইংল্যান্ড দুই দলেরই ২৬৮ পয়েন্ট থাকলেও মোট রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ভারত।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা বাকি দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান আগের অবস্থানই ধরে রেখেছে।
এমআই