আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা!
খেলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ২২:৫৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানাকে মাঠে দেখা যাবে না। তবে জাতীয় দলের সফরের আগেই আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে তাঁর এই যাত্রা ক্রিকেটের জন্য নয়, চিকিৎসার প্রয়োজনে।
সাইড স্ট্রেইনের কারণে আগেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ। কিন্তু এবারের চিকিৎসার কারণ ভিন্ন। দীর্ঘদিন ধরে শিনবোনের পুরোনো সমস্যায় ভুগছেন এই গতিতারকা। সেই সমস্যার উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নিতেই আজ রাতের ফ্লাইটে অস্ট্রেলিয়ার পথে রওনা হচ্ছেন তিনি।
নাহিদের মতো দলের আরেক পেসার তাসকিন আহমেদও আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তবে তাঁর উদ্দেশ্যও চিকিৎসা। কাঁধের চোটের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। চিকিৎসা শেষে সেখান থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ এই পেসার।
বাংলাদেশ দলের বাকি সদস্যদের আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে টাইগাররা। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে, দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
এমআই