Advertisement
Us Bangla Airlines
নাহিদের অস্ট্রেলিয়া যাত্রা থেমে যাওয়ায় হতাশ বিশপ

নাহিদের অস্ট্রেলিয়া যাত্রা থেমে যাওয়ায় হতাশ বিশপ

খেলা ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২০:৪৮

বাংলাদেশের মাটিতে ১৫০ কিলোমিটার গতিতে বল করে আলোচনায় এসেছেন নাহিদ রানা। এবার অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনে এই তরুণ পেসারকে দেখতে মুখিয়ে ছিলেন অনেকেই। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপও। তবে চোটের কারণে নাহিদের অস্ট্রেলিয়া সফর না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার।

এশিয়ার উইকেট সাধারণত পেসারদের জন্য খুব একটা সহায়ক নয়। ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের বেশির ভাগ মাঠেই বলের গতি কমে যায়, দেখা যায় নিচু বাউন্সের প্রবণতা। কিন্তু এমন কন্ডিশনেও নিজের গতির ঝলক দেখিয়েছেন নাহিদ। বাংলাদেশের মাটিতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর উইকেটে পেসাররা স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পান। সেখানে গতি ও বাউন্স কাজে লাগিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠার সুযোগ থাকে দ্রুতগতির বোলারদের। তাই অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানা কেমন করেন, তা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

নাহিদকে নিয়ে সেই আগ্রহ ছিল ইয়ান বিশপেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি। নাহিদকে নিয়ে টুইটারে বিশপ লিখেছেন, ‘নাহিদ রানার জন্য খারাপ লাগছে। অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাকে বল করতে দেখার অপেক্ষায় ছিলাম।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন নাহিদ রানা। এর ফলে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে শিনবোনের সমস্যাতেও ভুগছেন বাংলাদেশের এই গতিতারকা। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে নাহিদের।

এমআই