ক্যারিয়ার বাঁচাতে নেতৃত্ব ছাড়ছেন মিরাজ
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪
ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তনের আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিসিবির আজকের সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে সবচেয়ে বড় আলোচনা, মেহেদী হাসান মিরাজকে নাকি অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু বাস্তবতা ভিন্ন। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ নিজেই।
অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় দলের ঘনিষ্ঠ সতীর্থদের সঙ্গেও আলোচনা করেছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করতে নেতৃত্বের চাপ থেকে সরে এসে নিজের পারফরম্যান্সে মনোযোগ দেওয়াকেই সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গেও আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন মিরাজ।
জাতীয় দলের তিন সংস্করণে তিন অধিনায়ক নীতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই সময় নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে নেতৃত্বের দায়িত্ব সরিয়ে দেওয়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এরপর মিরাজের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলেও প্রত্যাশার চাপ সামলাতে হয়েছে তাকে। জয় যেমন এসেছে, তেমনি হারের হতাশাও সঙ্গী হয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তনের আলোচনা আবারও সামনে আসে।
এর পাশাপাশি অধিনায়ক হওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরম্যান্সেও ধারাবাহিক ছিলেন না মিরাজ। নেতৃত্বের সময়ে ২১ ওয়ানডে ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। বল হাতেও ছিল না প্রত্যাশিত ধার। ওয়ানডের এই চাপের প্রভাব পড়েছে তাঁর টেস্ট পারফরম্যান্সেও। ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে বাদ পড়ার শঙ্কাও তৈরি হয়েছিল। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।
এমআই