Advertisement
Us Bangla Airlines
আরব সাগরের পাশে ২৬ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন কোহলি

আরব সাগরের পাশে ২৬ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন কোহলি

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ১০:৫৮

মুম্বাইয়ের বর্সোভায় ভারতের ধনকুবেররা বসবাস করেন। সেখানেই এবার ঘাঁটি গাড়ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিলাসবহুল এই এলাকায় ফ্ল্যাট কিনেছেন ভারতের তারকা দম্পতি। দামি ফ্ল্যাট কিনতে কোহলিদের খরচ হয়েছে প্রায় ২৬ কোটি টাকা। নতুন বাসার বারন্দায় দাঁড়িয়ে কোহলিরা আরব সাগর দেখতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলায় ফ্ল্যাটটির দাম ১৮ কোটি ২৯ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। ২ হাজার ৬৪৪ বর্গফুট কার্পেট এরিয়ার এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখার জায়গা।

গত ২১ জুলাই নতুন ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কোহলি। এ জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে দিয়েছেন ১ কোটি ৯ লাখ রুপি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ খরচ হয়েছে ৩০ হাজার রুপি। প্রতি বর্গফুটের দাম পড়েছে ৬৯ হাজার ১৫৯ রুপি।

মুম্বাইয়ের অন্যতম অভিজাত আবাসিক এলাকা বর্সোভা। বলিউডের অনেক তারকা ও ধনী ব্যক্তির পছন্দের এই এলাকায় এবার যুক্ত হলো কোহলি-অনুষ্কার নাম। নতুন ফ্ল্যাটের ঘর ও বারান্দা থেকে দেখা যাবে আরব সাগরের সৌন্দর্য। একই আবাসনে অভিনেত্রী তব্বুরেরও রয়েছে একটি ফ্ল্যাট।

কোহলির নতুন এই সম্পত্তি কেনার খবর আলোচনায় এসেছে আরেকটি কারণে। গত আইপিএলে তাঁর পারিশ্রমিক ছিল ১৮ কোটি রুপি। অর্থাৎ, এক মৌসুমের আইপিএল বেতনের কাছাকাছি অর্থ খরচ করেই মুম্বাইয়ে নতুন ঠিকানা গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

এর আগে আলিবাগে জমি কিনেছেন কোহলি ও অনুষ্কা। ২০২২ সালে সেখানে ৩৭ কোটি ৮৬ লাখ রুপিতে পাঁচ একর জমি কেনেন তারা। পরে আরও আট একর জমি কিনেছেন ১৯ কোটি রুপিতে। এছাড়া মুম্বাইয়ের ওরলি ও গুরুগ্রামেও রয়েছে তাদের সম্পত্তি।

এমআই