Advertisement
Us Bangla Airlines
‘বিপিএল না হলে অনেক বড় ক্ষতি হবে’

‘বিপিএল না হলে অনেক বড় ক্ষতি হবে’

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ১৪:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সম্ভাব্য বিরতির আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। এমন পরিস্থিতিতে বিপিএল বন্ধ থাকলে দেশের ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে মনে করছেন জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন হৃদয়। মঙ্গলবার আট বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

হৃদয় বলেন, ‘(বিপিএল না হলে) অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি। একই সঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও (বিসিবি) যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।’

তার মতে, বিপিএল শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং নতুন ক্রিকেটারদের উঠে আসার গুরুত্বপূর্ণ মঞ্চ। এক মৌসুম বন্ধ থাকলে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার নিজেদের প্রমাণের সুযোগ হারাবেন।

হৃদয় বলেন, ‘অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে সেই সুযোগ হারাবেন অনেকেই। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।’

কয়েক দিন ধরেই বিপিএলের আগামী আসর নিয়ে গুঞ্জন চলছে। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিসিবি।