Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়া সিরিজের আগে লিটনকে নিয়ে বড় সুখবর

অস্ট্রেলিয়া সিরিজের আগে লিটনকে নিয়ে বড় সুখবর

খেলা ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ১৬:২২

বাংলাদেশ দলের জন্য এলো বড় স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাম পায়ের কাফের চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ইনজুরির কারণে প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি তাঁকে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটনকে।

এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। লিটন আগামীকাল (রোববার) বিমানে করে ডারউইনের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’

আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।