Advertisement
Us Bangla Airlines
৮৯ রানে অলআউট বাংলাদেশ, অঙ্কনদের খেলা শেখাল প্রোটিয়ারা

৮৯ রানে অলআউট বাংলাদেশ, অঙ্কনদের খেলা শেখাল প্রোটিয়ারা

খেলা ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ১৯:৪৯

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৯ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের কাছে ৭ উইকেটের সহজ হার মেনেছে সফরকারীরা।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ওয়ানডেতে গ্রনক্লুফ ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রোটিয়া পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতেই হিমশিম খেতে থাকে জাকির হাসানের দল। ইনিংসের চতুর্থ ওভারেই ৯ বলে মাত্র ১ রান করে বিদায় নেন অধিনায়ক জাকির।

এরপরও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি। শাহাদাত ১৬ বলে ৮, ইফতি ৮ বলে ২ এবং অঙ্কন ২৮ বলে ২ রান  করে ফিরলে ধস আরও গভীর হয়। উইকেট হারানোর মিছিলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ডট বলের সংখ্যাও।

একপ্রান্তে কিছুটা লড়াই চালিয়ে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ৭৩ বলে ৪০ রানের ইনিংস খেলে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র ভরসা। তাঁর বাইরে আমিনুল ইসলাম ১১ এবং সামিউন বাসীর ১০ রান করেন। বাকি কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

শেষ পর্যন্ত ৩০.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন দাইয়ান গালিম। একাই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

৯০ রানের লক্ষ্য স্বাগতিকদের জন্য বড় কোনো পরীক্ষা হয়ে ওঠেনি। প্রথম ওভারেই জর্ডান কিংকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন ইকবাল হোসেন। পরে রিজওয়ান আরও দুটি উইকেট তুললেও ম্যাচে ফেরার মতো পুঁজি ছিল না বাংলাদেশের।

রিচার্ড সেলেটসওয়ানের ৩৫ ও মিচেল ভ্যান ব্যুরেনের অপরাজিত ১৮ রানে ভর করে মাত্র ১৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং।