Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় গিয়ে লিটনকে যে পরীক্ষা দিতে হবে

অস্ট্রেলিয়ায় গিয়ে লিটনকে যে পরীক্ষা দিতে হবে

খেলা ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ১৯:৫৭

অস্ট্রেলিয়ার বিমানে উঠা নিশ্চিত হলেও প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে গেলেই কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়ার সুযোগ থাকবে।

শনিবার লিটনকে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চোটের কারণে প্রথম ঘোষিত দলে ছিলেন না এই উইকেটকিপার-ব্যাটার। পুনর্বাসনে দ্রুত অগ্রগতির পর শেষ মুহূর্তে তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, লিটনের পুনর্বাসন এখনো শেষ হয়নি। অস্ট্রেলিয়ায় পৌঁছে বাকি রিহ্যাব সম্পন্ন করবেন তিনি। এরপরই হবে ফিটনেস পরীক্ষা, আর সেই পরীক্ষার ফলই ঠিক করে দেবে তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন কি না।

নাফীস বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে ওর বাকি রিহ্যাব হবে। এরপর ফিটনেস টেস্ট হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবে। না হলে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।’

কেন শেষ মুহূর্তে লিটনকে দলে নেওয়া হলো, সেটিও ব্যাখ্যা করেছেন নাফীস। তাঁর মতে, ২৬ জুলাই পর্যন্ত লিটনের শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক ছিল না। তবে গত এক সপ্তাহে পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় মেডিকেল বিভাগ, নির্বাচক প্যানেল ও বোর্ড তাঁকে সফরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

নাফীস বলেন, ‘গত সাত দিনে ওর রিকভারি খুব ভালো হয়েছে। আমরা মনে করছি সামনে আরও দ্রুত উন্নতি সম্ভব।’

লিটনের চোট নিয়ে কোনো ধোঁয়াশা ছিল না বলেও জানান বিসিবির এই কর্মকর্তা। তিনি আরও জানান, সমস্যার ধরন শুরু থেকেই জানা ছিল। শুধু প্রত্যাশার তুলনায় সুস্থ হতে কিছুটা বেশি সময় লেগেছে। আর সাম্প্রতিক অগ্রগতিই বোর্ডকে তাঁর অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে সবুজ সংকেত দিতে উৎসাহিত করেছে।