Advertisement
Us Bangla Airlines
৮ বছর নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

৮ বছর নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

খেলা ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ১৬:৫৪

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বড় শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডি। দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগও প্রমাণিত হওয়ায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগকে ঘিরে এই অভিযোগগুলো উঠেছে।

এর আগে তদন্ত চলাকালে ২০২৫ সালের ২১ নভেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এবার সেই নিষেধাজ্ঞাই পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নিল। শাস্তির মেয়াদও গণনা করা হবে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকেই।

আইসিসি জানায়, আবুধাবি টি-টেন লিগের জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্তেই রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেছে।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, রেড্ডি এক বা একাধিক ম্যাচে ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনি অন্য এক অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হওয়ার জন্যও প্ররোচিত করার চেষ্টা করেন। এ ছাড়া তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলেন রেড্ডি।

এতে তদন্তকাজ ব্যাহত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

এমআই