৫০ কিলোমিটার পথ পেরিয়ে ভারতের টেস্ট দলে আকিব নবী
খেলা ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ২০:৪২
বাড়ির আশপাশে ছিল না কোনো ক্রিকেট মাঠ। ক্রিকেট খেলতে গেলেই পাড়ি দিতে হতো প্রায় ৫০ কিলোমিটার। কিন্তু সেই দূরত্ব আকিব নবীর স্বপ্ন থামাতে পারেনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনুশীলন করা সেই তরুণই এবার ডাক পেলেন ভারতের টেস্ট দলে। জাসপ্রিত বুমরাহর চোটে শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের ২৯ বছর বয়সী এই পেসার।
‘বারামুল্লা এক্সপ্রেস’ নামে পরিচিত আকিবের জন্ম জম্মু-কাশ্মীরের বারামুল্লায়। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। ক্রিকেটের সুযোগ-সুবিধা বলতে তেমন কিছুই ছিল না। কাছের ক্রিকেট মাঠ ছিল শ্রীনগরে, সেটাও প্রায় ৫০ কিলোমিটার দূরে। এত দূরত্ব পেরিয়ে এবার ভারতের হয়ে টেস্ট খেলা জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি।
ছোটবেলায় ক্রিকেট নয়, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন আকিব। তবে দ্রুতগতির বোলিংয়ের প্রতি ভালোবাসাই তাকে ক্রিকেটে টেনে আনে। এরপর পেসার হিসেবেই নিজের পরিচয় গড়ে তোলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই খুলে দিয়েছে জাতীয় দলের দরজা।
সবশেষ দুই রঞ্জি ট্রফি মৌসুমে নিয়েছেন ১০৪ উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার ৬০ উইকেট। জম্মু-কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়ে ছিল তার বড় অবদান। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কাড়েন আকিব। দুটি প্রথম শ্রেণির ম্যাচে নেন ৬ উইকেট।
লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সাত ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। এরপর নিজের পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের আইপিএল নিলামে প্রথমবার নাম লিখিয়েই ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
শ্রীলঙ্কা সফরের দলে বুমরাহর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আকিব। বাঁ হাঁটুর চোট পুরোপুরি না সারায় এই সফরে খেলছেন না ভারতের তারকা পেসার। তাই টেস্ট অভিষেকের অপেক্ষায় এখন ‘বারামুল্লা এক্সপ্রেস’। গলে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট।
সিরিজ শুরুর আগে ৭ আগস্ট কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেখানেই টেস্ট অভিষেকের ইঙ্গিত মিলতে পারে আকিব নবীর।
এমআই