Advertisement
Us Bangla Airlines
আলো হারানোর ম্যাচে জয় পেল বাংলাদেশ

আলো হারানোর ম্যাচে জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ২২:৫৩

আলোকস্বল্পতায় ম্যাচ শেষ হলো আগেভাগেই। তবে ততক্ষণে জয়ের পথেই ছিল বাংলাদেশ ইমার্জিং দল। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ) ২৬ রানে হারিয়েছে জাকির হাসানের দল।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রিটোরিয়ায় আজকের জয়ে সিরিজে প্রথম সাফল্যের দেখা পেল সফরকারীরা।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল আক্রমণাত্মক। তবে দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত উইকেটও হারায় বাংলাদেশ। ১২.২ ওভারে ৮০ রানেই তিন ব্যাটার ফিরে গেলে চাপে পড়ে দল। সেখান থেকে ইনিংস গড়ে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতিখার হোসেন ইফতি।

চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ১০৬ রান। ইফতি ৮৫ বলে অপরাজিত ৭১ রান করেন। অঙ্কন ৬৮ বলে অপরাজিত থাকেন ৩৭ রানে। বাংলাদেশের সংগ্রহ যখন ৩৬ ওভারে ৩ উইকেটে ১৮৬, তখন আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে।

এর আগে বল হাতে নায়ক ছিলেন ইকবাল হাসান ইমন। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে ইউএসএসএ ৪৩ ওভারে অলআউট হয় ২৪৮ রানে। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন জেমস মুইয়ারহেড।

এমআই