সৌম্যকে নিয়ে যা বললেন সাবেক নির্বাচক
খেলা ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৯:২৩
অনেকটা নীরবেই জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে লাল বলের ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই ব্যাটারকে নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক হান্নান সরকার। সৌম্যর লম্বা ইনিংস খেলার সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সাবেক এই নির্বাচক।
মঙ্গলবার মিরপুরে হান্নান বলেন, ‘সৌম্য যখন সবশেষ এনসিএল খেলেছে তখনও কিন্তু পারফর্ম করেছে। লম্বা ইনিংসটা কীভাবে খেলতে হয়, সেটা সে জানে। সেই সঙ্গে তানজিদ তামিম, অমিত হাসান যদি অস্ট্রেলিয়ায় নিজেদের মানিয়ে নিতে পারে, তাহলেই বড় খেলোয়াড় হতে পারে।’
সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আবারও লাল বলের দলে ফিরেছেন তিনি।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলানোর সক্ষমতার কারণেই সৌম্যকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলিং খেলার অভিজ্ঞতা সৌম্যর অন্যতম বড় শক্তি।
২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই সফরের দলে ছিলেন হান্নান সরকারও। অস্ট্রেলিয়ার বর্তমান দলকে শক্তিশালী মানলেও দুই যুগ আগের অস্ট্রেলিয়া দলের আধিপত্য ছিল আলাদা বলে মনে করেন তিনি।
২০০৩ সালের স্মৃতিচারণ করতে গিয়ে হান্নান বলেন, তখন অস্ট্রেলিয়া ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল। তাদের বোলিং আক্রমণে ছিলেন গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ব্রেট লি ও স্টুয়ার্ট ম্যাকগিলের মতো তারকারা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৩ আগস্ট। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।