‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা করাটা কঠিন’
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ২১:০৯
২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে ফিরেছে বাংলাদেশ। সময় বদলেছে, বদলেছে দুই দলের বাস্তবতাও। তবু শক্তির বিচারে স্বাগতিকদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় প্রত্যাশা করা কঠিন হলেও তা অসম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
ডারউইন থেকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, বাংলাদেশ এখন আর শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে নামে না, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো ফল পেতে হলে সেরাটা খেলতে হবে।
‘অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয়ের আশা করাটা কঠিন। তবে আমরা সম্মান নিয়ে ফিরতে চাই। জিততেও পারি, ড্রও করতে পারি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের মাটিতে আমরা জিতেছি। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়,’ বলেন তিনি।
২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন বাশার। এবার তিনি দলের সঙ্গে গেছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। দুই সফরের অভিজ্ঞতায় পার্থক্য টেনে তিনি বলেন, তখনকার অস্ট্রেলিয়া ছিল অন্য উচ্চতায়, আর বাংলাদেশও ছিল টেস্ট ক্রিকেটে একেবারে নবীন।
‘তখন আমাদের লক্ষ্য ছিল টিকে থাকা। এখন সেই মানসিকতা নেই। বাংলাদেশ ভালো কিছু করার লক্ষ্য নিয়েই খেলতে যায়,’ বলেন সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বাউন্স ও পেস-সহায়ক উইকেটে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আশাবাদী বাশার। তাঁর বিশ্বাস, সাম্প্রতিক সময়ে টেস্টে টাইগারদের উন্নতি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
‘জিম্বাবুয়ে সিরিজ বাদ দিলে আমরা ধারাবাহিকভাবে ভালো টেস্ট খেলছি। পাকিস্তানের মাটিতে জিতেছি। পাঁচ দিন টিকে থাকার চিন্তা নিয়ে নয়, ভালো ফল করার লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামে,’ বলেন তিনি।
বাশারের মতে, গত দুই দশকে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। আগে যেখানে লক্ষ্য ছিল ম্যাচে টিকে থাকা, এখন লক্ষ্য জয় ছিনিয়ে আনা। সেই বিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন চ্যালেঞ্জে নামছে টাইগাররা।
এমআই