Advertisement
Us Bangla Airlines
১৯৪ রান করলেই ইতিহাস গড়বেন মুশফিক

১৯৪ রান করলেই ইতিহাস গড়বেন মুশফিক

খেলা ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ২২:১৮

প্রয়োজন মাত্র ১৯৪ রান। অস্ট্রেলিয়া সফরে এই রান তুলতে পারলেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দেবেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন অভিজ্ঞ এই ব্যাটার।

বর্তমানে টেস্টে মুশফিকের সংগ্রহ ৬৮০৬ রান। এই রান নিয়ে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি কেন ব্যারিংটনের পাশে অবস্থান করছেন। আর মাত্র ১৯৪ রান যোগ করতে পারলেই বিশ্বের ৫৯তম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন তিনি।

বাংলাদেশ সামনে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অর্থাৎ মাইলফলক ছোঁয়ার জন্য হাতে থাকবে চারটি ইনিংস। মুশফিকের সামর্থ্য বিবেচনায় ১৯৪ রান অসম্ভব নয়। টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর। তবে চ্যালেঞ্জটা কঠিন, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ভেন্যুও তাদেরই মাটি।

অস্ট্রেলিয়া সফর মুশফিকের জন্য অন্য কারণেও বিশেষ। টেস্টে ১০০ বা তার বেশি ম্যাচ খেলা ৮০ জন ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। অথচ এত দীর্ঘ ক্যারিয়ারেও কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দুই টেস্টেই একাদশে থাকবেন মুশফিক। আর ব্যাট হাতে সফল হলে নিজের ক্যারিয়ারে যোগ করবেন আরেকটি অনন্য অর্জন।

এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটার টেস্টে ৭ হাজার রান করতে পারেননি। এশিয়ার ক্রিকেটেও এই কীর্তি খুব বেশি ব্যাটারের নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে মাত্র ১৬ জন ব্যাটার ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

তাই অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিকের ব্যাট হাসলে একসঙ্গে দুটি ইতিহাস গড়া হবে। তিনি হবেন টেস্টে ৭ হাজার রান করা বাংলাদেশের প্রথম এবং এশিয়ার ১৭তম ব্যাটার। এখন দেখার অপেক্ষা, অস্ট্রেলিয়ার বাউন্স ও পেসের কঠিন পরীক্ষায় উতরে সেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করতে পারেন কি না বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার।

এমআই