Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন লিটন?

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন লিটন?

খেলা ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ২২:৫৫

ইনজুরি কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন লিটন দাস। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের আগে বুধবার ডারউইনে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটার। অনুশীলনে কোনো ধরনের অস্বস্তি না থাকায় তাঁর ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

তবে লিটন প্রস্তুতি ম্যাচে খেলবেন কি না, সেটি এখনই নিশ্চিত নয়। বৃহস্পতিবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। ম্যাচের দিন সকালে তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

অনুশীলন শেষে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটন আজ পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং পুরো সময়ই স্বাচ্ছন্দ্যে ছিল। সে উইকেটকিপিং ড্রিলেও অংশ নিয়েছে। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না’।

বাংলাদেশ দলের আশা, প্রস্তুতি ম্যাচে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে পাওয়া যাবে। এদিকে প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পেসার হাসান মাহমুদ। 

হাসান বলেন, ‘আমার কাছে মনে হয় প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নিতে এটি অনেক সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘খুব ভালো অনুশীলন সেশন হচ্ছে। ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং—সবকিছুই হয়েছে। সামনে আরও কয়েকটি সেশন আছে। আশা করি সবাই নিজেদের সেরা প্রস্তুতি নিতে পারবে এবং আমরা ভালোভাবে শুরু করতে পারব।’

এমআই