অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে যা বললেন মিরাজ
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১৬:০৪
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। তিন দিনের এই ম্যাচে বাকিরা ব্যর্থ হলেও ব্যতিক্রম ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানালেন তিনি।
প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মিরাজের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে টাইগাররা তোলে ২৬৩ রান। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা ২১২ রানে পিছিয়ে থেকে।
দিন শেষে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টির কথা জানান মিরাজ। তিনি বলেন, ‘শুরুর দিকে উইকেটটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। এই কন্ডিশনে এটাই আমার প্রথম ম্যাচ, তাই শুরুতে কিছুটা কঠিন ছিল।’
‘তবে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছি। প্রথম দিকে রান করার চিন্তা করিনি, বরং উইকেটের সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায়, সেটাই ভেবেছি। পরে সুযোগ পেয়ে রান করাটা সহজ হয়েছে’—যোগ করেন তিনি।
এই সেঞ্চুরি আসন্ন টেস্ট সিরিজে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। এই সেঞ্চুরি আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি, সেটা ধরে রাখতে পারলে আমার জন্য ভালো হবে। একই সঙ্গে দলের জন্যও ইতিবাচক হবে।’