এসএ২০ লিগে খেলার অনুমতি পাবেন তো রিশাদ?
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১৭:৪১
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন রিশাদ হোসেন। যদিও বাংলাদেশ দলের এই লেগ স্পিনারের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। কারণ, একই সময়ে সম্ভাব্য সূচিতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা রয়েছে।
২০২৭ মৌসুমের জন্য রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর মাধ্যমে এসএ২০ ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, রিশাদের এসএ২০-তে খেলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা এসএ২০। একই সময়ের মধ্যে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। যদিও এখনো বিপিএলের সূচি ঘোষণা করা হয়নি, তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাবনা বেশি।
এর আগে গত বিপিএল আসরেও খেলতে পারেননি রিশাদ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে গিয়ে দেশের ঘরোয়া আসর মিস করেছিলেন তিনি। এবার এসএ২০ ও বিপিএলের সূচি মুখোমুখি হলে আবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘যদি ওই সময়ে বিপিএল না হয়, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দুই টুর্নামেন্টের সময়সূচি এক হয়ে যায়, তাহলে বোর্ড বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’
রিশাদের এসএ২০ খেলার অনুমতির জন্য তাকে প্রথমে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করতে হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি।
বিসিবি কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিটি এনওসি আলাদাভাবে বিবেচনা করা হয়। আগে একবার রিশাদ বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলেছে বলেই যে এবারও একই সিদ্ধান্ত হবে, এমন নয়। সে যখন এসএ২০ খেলার জন্য এনওসির আবেদন করবে, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন রিশাদ। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে নিয়েছেন ১২ উইকেট। এরপর বিগ ব্যাশেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১১ ইনিংসে শিকার করেছেন ১৫ উইকেট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারের তালিকায় তাকে যৌথভাবে শীর্ষে রেখেছে।
এমআই