Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন শরিফুল!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন শরিফুল!

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ১৯:১৮

অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পেস আক্রমণে ফিরতে পারেন শরিফুল ইসলাম। চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা না পাওয়া এই বাঁহাতি পেসার প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সবকিছু পরিকল্পনামতো এগোলে দ্বিতীয় টেস্টের দলে তাকে বিবেচনা করা হবে।

জিম্বাবুয়ে সফরের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল। সেই কারণে দেশে ফিরে আসতে হয় তাকে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি ২৫ বছর বয়সী এই পেসারকে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় তার অগ্রগতি এখন বেশ আশাব্যঞ্জক।

বিশ্রাম শেষে গত ২৯ জুলাই মিরপুরে বোলিং শুরু করেছেন শরিফুল। ধাপে ধাপে বাড়ানো হচ্ছে তার বোলিং ওয়ার্কলোড। সব ঠিক থাকলে আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে টেস্ট ম্যাচের জন্য প্রয়োজনীয় বোলিংয়ের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারবেন তিনি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরে তার ফিটনেস পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।

তিনি বলেন, ‘টেস্ট খেলার জন্য সপ্তাহে যে পরিমাণ বল করার কথা, সেই বোলিং না করলে তাকে ছাড়তে পারছি না। যদি কাল ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, সে পাস করে যাবে। এখানে চোট বা ফিটনেস কোনো বিষয় নয়, মূল বিষয় হলো ওয়ার্কলোড।’

শরিফুলের বোলিং পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের ১১ বা ১২ তারিখে তার নির্ধারিত ওয়ার্কলোডে পৌঁছানোর কথা। সেটি মাথায় রেখেই ফিটনেস পরীক্ষা ১২ তারিখের পরিবর্তে ১০ তারিখে নেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

মুজাদ্দেদ আলফা সানি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকলে ১০ তারিখেই পরীক্ষা নেওয়া হবে। না হলে ১১ বা ১২ তারিখে হবে। ফিটনেস পরীক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বোলিং ওয়ার্কলোডের সমস্যা না থাকলে প্রথম টেস্ট থেকেই সে খেলতে পারত।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার ডারউইনে। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ে, ২২ আগস্ট থেকে। সেই ম্যাচেই মাঠে ফেরার লক্ষ্য শরিফুল ইসলামের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সামনের ফিটনেস টেস্ট।

এমআই