টপ এন্ড টি-টোয়েন্টিতে খেলবে নিউজিল্যান্ড জাতীয় দলের ১৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ২০:৩২
অস্ট্রেলিয়ার ডারউইনে হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ‘এ’। কিউইদের এবারের দলে থাকছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৩ ক্রিকেটার। তরুণদের উন্নতির মঞ্চ হলেও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে নিউজিল্যান্ড।
২০২২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলসহ মোট নয়টি দল। ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি।
নিউজিল্যান্ড ‘এ’ দলে থাকা ১৩ আন্তর্জাতিক ক্রিকেটার হলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, বেভন জ্যাকবস ও রিস মারিউ।
এসব ক্রিকেটারদের অধিকাংশই সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এছাড়া ক্যারিবিয়ান সিরিজে ১৪ উইকেট নিয়ে নিজের নাম শিরোনামে তুলেছেন জেডেন লেনক্স। ফক্সক্রফটও বাংলাদেশে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন। আদিত্য অশোক, মুহাম্মদ আব্বাসও পরিচিত নাম।
অস্ট্রেলিয়ার ঘাসের উইকেটে খেলার অভিজ্ঞতা নিতেই এমন দল গড়েছে কিউইরা। এদিকে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ এইচপি দলের স্কোয়াড ঘোষণা করা হবে। ওই দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারের টপ এন্ড টি-টোয়েন্টিতে থাকার সম্ভাবনা রয়েছে।
এমআই