Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ২২:১৭

নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৮ আগস্ট শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

নিগার সুলতানা জ্যোতির দল ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ২৮ আগস্ট থাইল্যান্ড-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, যারা সাতবার শিরোপা জিতেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান এখনো শিরোপার দেখা না পেলেও, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহের কমতি নেই। এবারের আসরে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি

৩১ আগস্ট: বাংলাদেশ–ইন্দোনেশিয়া (সন্ধ্যা ৭টা)
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ–শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭টা)
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত (সন্ধ্যা ৭টা)

এমআই