লিটন ফিট হলেই অস্ট্রেলিয়া ছাড়তে পারেন জাকের
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ২২:৫৭
লিটন কুমার দাস পুরোপুরি ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে পারলে জাকের আলীর সামনে খুলে যেতে পারে নতুন পথ। সে ক্ষেত্রে ডারউইন টেস্টের পর এই উইকেটরক্ষক ব্যাটারকে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলে পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির নির্বাচকদের।
বর্তমানে জাকের টেস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকলেও সিরিজে তার খেলার সম্ভাবনা কম। লিটনের চোটের কারণে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে লিটন দলে ফিরলে তিন উইকেটরক্ষক নিয়ে স্কোয়াড রাখার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট।
বিসিবির এক নির্বাচক বলেন, ‘লিটন খেলতে পারলে তিনজন উইকেটকিপার দলে রাখার কোনো মানে হয় না। আমরা দ্বিতীয় কিপার হিসেবে অমিত হাসানকে নিয়েছি। লিটনের অনুপস্থিতিতে তারই খেলার কথা। সে ক্ষেত্রে জাকেরের বেঞ্চে বসে থাকার কোনো মানে হয় না। দক্ষিণ আফ্রিকায় নিয়মিত ম্যাচ খেললে সেটি জাতীয় দলের জন্যই ভালো হবে।’
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ইতোমধ্যে কয়েকজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। টেস্ট স্কোয়াডে না থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও পেসার রবিউল হক থাকছেন ‘এ’ দলে। চার দিনের ম্যাচ খেলবেন মাহমুদুল হাসান জয় ও তাওহীদ হৃদয়।