নাহিদ-শরিফুলদের পর চোটে পড়লেন আরেক বোলার
খেলা ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৫:৪৯
বাংলাদেশ দলের চোটের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। নাহিদ রানা ও শরিফুল ইসলামের পর এবার চোটের ধাক্কা খেলেন আরেক বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্ট সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কোরি রকিচ্চলির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ার আগে ১৫ বলে ১০ রান করেন তাইজুল। ব্যাটিংয়ের সময়ই আঙুলে চোট পান তিনি। সেই চোট নিয়েই ইনিংস শেষ করেন বাংলাদেশের এই স্পিনার। চোটের কারণে এরপর আর বল হাতে দেখা যায়নি তাইজুলকে।
প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে তার পরিবর্তে দ্বিতীয় দিনে বোলিং করেন মুশফিক হাসান। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির পাঠানো বার্তায় বায়েজিদ বলেন, ‘তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। এরপর থেকে আমরা ওই আঙুলে ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।’
এদিকে তাইজুলের অনুপস্থিতিতে মুশফিক হাসানকে বোলিং করানোর বিষয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, তাইজুলের জায়গায় মুশফিককে পরখ করার সুযোগ নেওয়া হয়েছে। প্রতিপক্ষ দল ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেই তাকে বোলিংয়ের অনুমতি দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের গুরুত্বপূর্ণ বোলারদের একের পর এক চোট বাংলাদেশ শিবিরে বাড়াচ্ছে দুশ্চিন্তা। নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। শরিফুল দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে তাইজুলের চোট কতটা গুরুতর, তা জানা যাবে আগামীকালের পর্যবেক্ষণের পর।