‘সাকিবের দেশে ফিরে খেলার সুযোগ নেই’
খেলা ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৯:১৯
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা একেবারেই দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে অংশ নেওয়ার পর সাকিবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটেই দেশের ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী।
শুক্রবার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল বলেন, ‘তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’ প্রতিমন্ত্রীর ভাষ্য, একজন ক্রিকেটারের পরিচয়ের বাইরে রাজনৈতিক অবস্থান নেওয়াই এখন সাকিবের দেশে ফেরার পথে প্রধান বাধা।
তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
এ বিষয়ে আগের অবস্থান থেকেও সরে এসেছেন আমিনুল। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারবেন বলে তিনি আশা করেন। তখন বিষয়টি ক্রিকেটার হিসেবে দেখার কথাও জানিয়েছিলেন তিনি।
তবে এখন তার অবস্থান ভিন্ন। আমিনুল বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, দ্রুত দেশে ফেরা সম্ভব না হলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান তিনি। সেই মন্তব্যের পর থেকেই তাকে নিয়ে নতুন করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে।