মালয়েশিয়াকে উড়িয়ে এইচপির দারুণ জয়
খেলা ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১৭:৫৫
মালয়েশিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান করে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়ার ইনিংস থেমেছে মাত্র ৬৯ রানে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ইনিংসজুড়েই ধুঁকেছে মালয়েশিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৭ বলে কোনো রান না করেই ফিরে যান জিসান আলম। তবে অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জাওয়াদ আবরার। চার-ছক্কার দারুণ প্রদর্শনীতে দ্রুত রান তুলেছেন এই ওপেনার।
শেষ পর্যন্ত ১৮ বলে ২৮ রান করে ফেরেন জাওয়াদ। তাঁর ইনিংসে ছিল একাধিক দৃষ্টিনন্দন বাউন্ডারি। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করে বিদায় নেন। জাওয়াদের পর সাব্বির রহমান ও প্রীতম কুমার জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭ বলে ৪ রান করে প্রীতম এবং ১২ বলে ১৪ রান করে সাব্বির ফেরেন।
এরপর আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় এইচপি। দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন। ২৬ বলে ৩২ রান করে সাকলাইন ফিরলেও অন্য প্রান্তে ঝড় তোলেন মেহেরব।
শেষ দিকে একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান এইচপি অধিনায়ক। ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষের আগের ওভারে আউট হন মেহেরব। রাকিবুল হাসান ৪ বলে ৪ রান করেন। শেষ পর্যন্ত ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে ৩ উইকেট নেন বিজয় উনি।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় মালয়েশিয়া। আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন নাজমুল সাকিব। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। আসলাম খান বিন মালিক ৫ বলে কোনো রান না করে ফেরার পর কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ।
তিনে নেমে ২৫ বলে ২৯ রান করেন আহমেদ। তবে তাঁকে ছাড়া মালয়েশিয়ার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মাত্র ৪২ রান তোলে তারা।
এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফেরান আবদুল গাফফার সাকলাইন। ২২ বলে ১৫ রান করে আজিমকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ রুবেল হাসান।
৬৩ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ৬৯ রানেই অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল হাসান নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেন।