Advertisement
Us Bangla Airlines
ছক্কার গল্প শুনিয়ে মালয়েশিয়া সিরিজে ছক্কাহীন সাব্বির

ছক্কার গল্প শুনিয়ে মালয়েশিয়া সিরিজে ছক্কাহীন সাব্বির

খেলা ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ১৬:৫৩

জন্মই হয়েছে ছক্কা মারার জন্য। সাব্বির রহমানের সেই আলোচিত বক্তব্য বেশ তোলপাড় তুলেছিল। ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে নিজের প্রতি এমন আত্মবিশ্বাসী দাবি করা সেই সাব্বিরই এবার মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রইলেন ছক্কাহীন। দুই ম্যাচে ব্যাট হাতে নামলেও একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

সিরিজের প্রথম ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে আসে ১২ বলে ১৪ রান। একটি ছক্কা হাঁকিয়েছিলেন ঠিকই, তবে সেটি শেষ পর্যন্ত ছক্কার খাতায় জমা হয়নি। আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করায় আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। দ্বিতীয় ম্যাচেও বদলায়নি চিত্র। এবার ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন সাব্বির।

শেষ ম্যাচে একটি বাউন্ডারি এলেও ছক্কার দেখা মেলেনি। স্লগ সুইপে বড় শট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে রান বাড়ার বদলে থেমে যায় তার ইনিংস। অথচ এই সিরিজে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ছিলেন সাব্বির। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের কাছ থেকে তাই শুধু কিছু রান নয়, প্রত্যাশা ছিল দায়িত্বশীল ব্যাটিংয়েরও।

দুই ম্যাচ সিরিজের উভয় ম্যাচেই তার ব্যাটিং ছিল নিষ্প্রভ। ছক্কা তো দূরের কথা, দলের প্রয়োজনের সময় ইনিংস বড় করারও সুযোগ তৈরি করতে পারেননি তিনি। উল্টো আইসিসির সহযোগী দেশের সঙ্গে করেছেন ক্যাচ অনুশীলন।

অভিজ্ঞতা আছে, কিন্তু সেই অভিজ্ঞতার প্রতিফলন মাঠে কতটা? মালয়েশিয়া সিরিজের দুই ম্যাচে সাব্বিরের পারফরম্যান্স সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। সেখানে বাংলাদেশ দলে থাকার সুযোগ পেলে এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত কী করেন, সেটিই এখন দেখার বিষয়।

এমআই