জিসানের ১৯ বলের ফিফটিতে হোয়াইটওয়াশ মালয়েশিয়া
খেলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৭:০২
মাত্র ১৯ বলেই ফিফটি পূরণ করে মালয়েশিয়ার বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করেছেন জিসান আলম। তার বিধ্বংসী ব্যাটিংয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। ৭৪ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। তবে শুরু থেকেই এইচপির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খায় তারা। দলীয় ১৪ রানেই ভাঙে ওপেনিং জুটি। মোহাম্মদ রুবেলের বলে ৫ বল খেলে কোনো রান না করেই ফেরেন সাইফ উল্লাহ মালিক।
এরপর আসলাম খান বিন মালিকের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক সৈয়দ আজিজ। রাকিবুল হাসানের বলে ২০ বলে ১৮ রান করে আসলাম ফিরলে আবারও চাপে পড়ে মালয়েশিয়া। এক প্রান্ত আগলে রাখা আজিজও রান তুলেছেন ধীরগতিতে।
চারে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। তবে ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে বিদায় নেন তিনি। শেষ দিকে আজিজও খুব বেশি গতি দিতে পারেননি ইনিংসে। ৫২ বলে ৪০ রান করে শেষের আগের ওভারে থামেন মালয়েশিয়ার অধিনায়ক।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। শারভিন মুনিয়ান্ডি ৭ বলে ১১ এবং বিজয় উনি ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। একটি করে উইকেট পান মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ শুরু করে বাংলাদেশ। জাওয়াদ আবরারের ব্যাটে আসে প্রথম ঝড়। মাত্র ৮ বলে ২৩ রান করে দলের ২৬ রানের মাথায় ফেরেন তিনি। তবে তার বিদায়ের পরও থামেনি এইচপির আগ্রাসন।
এক প্রান্ত আগলে রেখে মালয়েশিয়ার বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন জিসান আলম। তিনে নামা আরিফুল ইসলাম ৩ বলে ৪ এবং সাব্বির রহমান ৮ বলে ১২ রান করে ফিরে গেলেও জিসানের ব্যাটে চলতে থাকে বাউন্ডারির উৎসব।
মাত্র ১৯ বলেই ফিফটি পূরণ করেন জিসান। দৃষ্টিনন্দন এক ছক্কায় অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ওপেনার।
জিসানের তাণ্ডবেই ম্যাচ দ্রুত চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। শামীম হোসেন পাটোয়ারী ৬ বলে ৮ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। মাত্র ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। মালয়েশিয়ার হয়ে ২ উইকেট নেন আরিফ উল্লাহ। একটি উইকেট শিকার করেন প্রশান্ত মাধুকার।
এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এমআই