Advertisement
Us Bangla Airlines
টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন ইংলিশ ওপেনার

টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন ইংলিশ ওপেনার

খেলা ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ২২:৫৪

ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি নতুন নয়। তবে টানা ছয় বলে ছয় ছক্কা, অর্থাৎ দুই ওভার মিলিয়ে মুখোমুখি হওয়া ছয় বলেই বল সীমানার বাইরে পাঠানো, সেটি এখনও বিরল। ইংল্যান্ডের ‘মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ’-এ সেই বিরল কীর্তিই গড়লেন হ্যাম্পশায়ারের ওপেনার টবি অ্যালবার্ট।

হ্যাম্পশায়ার ও সাসেক্সের গ্রুপ-বি ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন অ্যালবার্ট। মাত্র ৩৭ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেই ইনিংসের মাঝেই টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে গড়েন অবিশ্বাস্য কীর্তি।

অ্যালবার্টের ছক্কার উৎসব শুরু হয় ন্যান্টেস ওস্টহুইজেনের ওভারের শেষ দুই বলে। টানা দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর পরের ওভারে অলি কার্টলির প্রথম চার বলেও বল সীমানার বাইরে পাঠান তিনি। অর্থাৎ দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ছয় ছক্কা।

অ্যালবার্টের ঝড় অবশ্য হ্যাম্পশায়ারের বড় সংগ্রহেরই অংশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল হ্যাম্পশায়ার। দুই ওপেনার আলি অর ও ১৮ বছর বয়সী বেন মেস গড়েন ২২৫ রানের দুর্দান্ত জুটি। অর করেন ১০৫, আর মেসের ব্যাট থেকে আসে ১০৯ রান।

তাদের দারুণ শুরু এবং অ্যালবার্টের তাণ্ডবে নির্ধারিত ইনিংসে ৩৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হ্যাম্পশায়ার। লিস্ট-এ ক্রিকেটে এটি তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ৩৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩২ রানেই গুটিয়ে যায় সাসেক্স। ফলে ৫১ রানের জয় পায় হ্যাম্পশায়ার।

এমআই