Advertisement
Us Bangla Airlines
আবরারের ব্যাটে শট আছে, ভয়টা অন্য জায়গায়

আবরারের ব্যাটে শট আছে, ভয়টা অন্য জায়গায়

খেলা ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ২৩:০১

পিকআপ শট, গ্ল্যান্স, কাট শট কিংবা ড্রাইভ, আবরারের ব্যাটে শটের কমতি নেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দারুণ সব শট খেলে নজর কেড়েছেন এই ওপেনার। মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে তার ব্যাটিংয়ের সেই ঝলক। তবে শটের বৈচিত্র্যের আড়ালেই লুকিয়ে আছে অন্য এক চিন্তার জায়গা।

আবরারের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। বয়সভিত্তিক ক্রিকেটেও তার ব্যাটে বাউন্ডারির ফুলঝুরি দেখা গেছে, কিন্তু নিয়মিত বড় ইনিংস খেলতে পারেননি তিনি। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচেও ভালো শুরু পেয়েছেন এই ডানহাতি ওপেনার। কিন্তু কোনো ইনিংসই বড় করতে পারেননি। বরং আশা জাগিয়ে হতাশ করেছেন।

শুধু রান না পাওয়াই নয়, দায়িত্ব বাড়লে জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে এক ধরনের অস্থিরতাও চোখে পড়ে। মালয়েশিয়ার বিপক্ষে বড় শট খেলার চেষ্টা থাকলেও সবসময় ব্যাটে-বলে নিখুঁত সংযোগ হয়নি। বড় দায়িত্বের মুহূর্তে যেন আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি দেখা গেছে। পেশাদার ক্রিকেটে থিতু হতে হলে মানসিক দিকটাতেও তাই উন্নতি জরুরি।

সোহান ও জিসানের সঙ্গে সামনের দিনে জায়গা নিয়ে জাওয়াদ আবরারের লড়াইটা বেশ আকর্ষণীয় হতে পারে। তিনজনের মধ্যে টেকনিকের দিক থেকে আবরারকে এগিয়ে রাখার সুযোগ আছে। কিন্তু প্রতিভা কিংবা টেকনিক থাকলেই তো হয় না, ধারাবাহিকতাও দরকার। সেখানে পিছিয়ে থাকলে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাওয়া কঠিন।

এর সঙ্গে আছে পুরোনো আরেক দুর্বলতা, বাউন্সার। এই ধরনের বলে জাওয়াদ আবরারের অস্বস্তি নতুন নয়। বলের মেরিট বুঝেও সবসময় সে অনুযায়ী শট খেলতে পারছেন না তিনি। নিজের শক্তির জায়গা যেমন কাজে লাগাতে হবে, তেমনি দুর্বল জায়গাগুলোতেও উন্নতি আনতে হবে।

মালয়েশিয়ার বিপক্ষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেখানে জাওয়াদ আবরারের একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত। টি-টোয়েন্টি সিরিজের অভিজ্ঞতা ওয়ানডেতে কতটা কাজে লাগাতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

এমআই