চমক রেখেই এইচপি দল ঘোষণা বিসিবির
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৭:৩৭
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক অধিনায়ক ইরফান শুক্কুর। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে হঠাৎ এইচপি দলে নিয়মিত করছে বোর্ড। সম্প্রতি আফ্রিকায় খেলা ইরফান এবার অস্ট্রেলিয়ার পথ ধরবেন।
দলে ওপেনার হিসেবে রয়েছেন হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। মিরপুরে জাতীয় দলের অনুশীলনে দেখা গেলেও এই সফরের দলে জায়গা হয়নি নাঈম শেখের। গত আসরে এইচপি দলে থাকা আফিফ হোসেনও এবার নেই। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া শামীম পাটোয়ারী।
মালয়েশিয়া সিরিজে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। তবে এবারও সুযোগ হয়নি আলিস আল ইসলামের। রহস্যময় স্পিনার হিসেবে আলোচনায় থাকা মো. রুবেলকে অবশ্য দলে রেখেছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরেও উপেক্ষিত আকবর আলী। জাওয়াদ আবরার নেই ঘোষিত স্কোয়াডে।
বোলিং বিভাগে বেশ কয়েকজন বিকল্প থাকলেও দলে স্বীকৃত ব্যাটারের সংখ্যা তুলনামূলক কম। সে ঘাটতি পূরণে অলরাউন্ডারদের ওপর নির্ভর করতে হবে এইচপি দলকে মেহেরব, রাতুল, শামীম, সাকলাইন, আবু হায়দার রনি ও মৃ্ত্তুঞ্জয় চৌধুরী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারেন।
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বাশির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন, মোহাম্মদ মৃ্ত্তুঞ্জয় চৌধুরী
এমআই