১৫ উইকেট নেওয়া মোস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৯:১৮
বল হাতে দারুণ ছন্দে থাকা মোস্তাফিজুর রহমানের ওপর আস্থা রাখল দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টির গত মৌসুমে আট ম্যাচে ১৫ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টটির আসন্ন মৌসুমে ক্যাপিটালসের হয়ে খেলবেন কাটার মাস্টার।
গত আসরে দুবাইয়ের প্লে-অফে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তাফিজের। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন বাঁহাতি এই পেসার। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় নতুন মৌসুমেও তাঁকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দুবাই।
মোস্তাফিজের পাশাপাশি রোভম্যান পাওয়েল, মার্কাস স্টয়নিস ও নূর আহমেদকেও ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।
তবে বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের ভাগ্যে জোটেনি একই সুখবর। নিলামের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস। গত মৌসুমে দলটির হয়ে ৮ ম্যাচ খেললেও ৫ ইনিংসে ১১৫ রান করেছিলেন সাকিব। স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতে তাঁর শিকার মাত্র ৩ উইকেট।
তাসকিনের পারফরম্যান্স ছিল তুলনামূলকভাবে ভালো। শারজা ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তারপরও নতুন মৌসুমের জন্য তাঁকে ধরে রাখেনি শারজা। তারা এবার ধরে রেখেছে শুধু সিকান্দার রাজাকে। নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিল।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর। তার আগে ১ অক্টোবর বসবে নিলামের আসর। ফলে মোস্তাফিজের দুবাইয়ে থাকা নিশ্চিত হলেও সাকিব ও তাসকিনকে এখন অপেক্ষা করতে হবে নতুন দলের সন্ধানে। বাকি টাইগার ক্রিকেটাররাও থাকবেন দল পাওয়ার অপেক্ষায়।
এমআই