দ্বিতীয়বারের মতো স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ২১:০৩
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারতের আসার কথা থাকলেও, সেই সূচি এখন কার্যত ভেস্তে যাওয়ার পথে। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নিশ্চিত করেছে ভারত। ফলে বাংলাদেশ সিরিজটি দ্বিতীয়বারের মতো স্থগিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের পাঠানো চিঠি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচ তিনটি। এই সূচিতে খেলতে সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভারতের পূর্বনির্ধারিত সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাদা বলের ছয় ম্যাচের সিরিজ আয়োজনের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করেছিল। আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের অন্তত একটি ম্যাচ সেই সময়ের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিসিবির প্রস্তাবিত সূচির আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যে নতুন করে কোনো সিদ্ধান্ত না এলে বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা কার্যত ক্ষীণ। এ কারণেই সিরিজটি স্থগিত হওয়ার পথেই এগোচ্ছে বলে মনে করছে ক্রিকবাজ।
তবে শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো অপ্রত্যাশিত নির্দেশনা এলে পরিস্থিতি বদলে যেতে পারে। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ক্রিকবাজ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভারতীয় বোর্ডের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে আফগানিস্তান সিরিজের সূচি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এসিবি। বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ধারিত তারিখ ও ভেন্যু নিশ্চিত করে তারা চিঠি দিয়েছে। এর মাধ্যমে সম্প্রচারস্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সময়সূচি অনুযায়ী পরিকল্পনা, প্রযোজনা, প্রচারণা ও অন্যান্য প্রস্তুতি এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
এমআই