তিন ম্যাচের চমক ফিকে, মিরাজের বোলিংয়ে পুরোনো চিত্র
খেলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪
তিন ম্যাচে ৯ উইকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই মিরাজ যেন নতুন করে জানান দিচ্ছিলেন, টি-টোয়েন্টিতে তাকে নিয়ে এতদিনের প্রশ্নগুলোর উত্তর এবার হয়তো বল হাতেই দেবেন। কিপটে বোলিংয়ের সঙ্গে নিয়মিত উইকেট তুলে নিয়ে আলোচনায় চলে এসেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
কিন্তু কোয়ালিফায়ার-২-এ এসে সেই চিত্রটাই বদলে গেল। চার ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য মিরাজ। তিন ম্যাচের ঝলক ফিকে করে শেষ ম্যাচে তার বোলিংয়ে আবারও ফিরে এল পুরোনো সেই চিত্র। তাতে টানা দুই ম্যাচ হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে তার দল গায়ানা।
জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনায় নিয়মিত জায়গা পান না মিরাজ। ব্যাট হাতে ধীরগতি আর বল হাতে খুব বেশি বৈচিত্র্য না থাকায় সংক্ষিপ্ত সংস্করণে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও সিপিএল, পিএসএল কিংবা এলপিএলে সুযোগ পেয়েও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
এলপিএলে ক্যান্ডির হয়ে খেলার সময়ও মিরাজকে নিয়ে কম আলোচনা হয়নি। বরং বাংলাদেশি সমর্থকদের ট্রলের শিকারও হতে হয়েছে তাকে। ওয়ানডের সাবেক অধিনায়ক অবশ্য সেসবের জবাব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মাঠে। কিন্তু একাধিক ম্যাচে সুযোগ পেয়েও ব্যাটে-বলে সেভাবে ছন্দ খুঁজে পাননি।
সিপিএলে অভিষেকেই অবশ্য গল্পটা বদলে দেন মিরাজ। প্রথম তিন ম্যাচে তার বোলিং ছিল দুর্দান্ত। রান খরচে নিয়ন্ত্রণ, সঙ্গে নিয়মিত উইকেট। তিন ম্যাচেই তুলে নেন ৯ উইকেট। হঠাৎ করেই মিরাজকে নিয়ে তৈরি হয় নতুন আলোচনা। তবে এই সাফল্যের পেছনে কন্ডিশনের ভূমিকাও কম ছিল না।
আগের ম্যাচগুলোতে মন্থর উইকেট পেয়েছিলেন মিরাজ। স্পিনার হিসেবে সেখান থেকে বাড়তি সুবিধা পেয়েছেন বলের গতির তারতম্য ঘটিয়ে। মিরাজ নিজেও কন্ডিশনের এই সুবিধার কথা স্বীকার করেছেন। কোয়ালিফায়ার-২-এ সেই সুবিধা আর ছিল না। তাতেই চার ওভারে ৪৩ রান খরচ করেও পাননি কোনো উইকেট।
সমস্যাটা আরও স্পষ্ট হয়েছে তার বোলিংয়ের বৈচিত্র্যে। ব্যাটিং সহায়ক উইকেটে কার্যকর হতে হলে গতির পরিবর্তনের পাশাপাশি বোলিংয়ে বাড়তি কিছু দরকার ছিল। কিন্তু মিরাজের হাতে সেই বিশেষ বৈচিত্র্য দেখা যায়নি। ফলে ব্যাটারদের ওপর চাপ তৈরি করাও কঠিন হয়ে পড়ে।
তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে যে সম্ভাবনার আলো জ্বেলেছিলেন মিরাজ, শেষ ম্যাচের ব্যর্থতায় সেটিই অনেকটা ম্লান হয়ে গেল। মন্থর উইকেটের সহায়তা না থাকলে তার বোলিং কতটা কার্যকর, কোয়ালিফায়ার-২ সেই প্রশ্নটাই আবার সামনে নিয়ে এসেছে। তিন ম্যাচের চমক ফিকে করে মিরাজের বোলিংয়ে ফিরল পুরোনো চিত্র।
এমআই