Advertisement
Us Bangla Airlines
তাসকিন-নাহিদ কেন দলে নেই?

তাসকিন-নাহিদ কেন দলে নেই?

খেলা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে নেই দেশের দুই পরিচিত পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। কেন তাদের বাইরে রাখা হলো, দল ঘোষণার পর সেই ব্যাখ্যাই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং, সঙ্গে বাউন্সার ও ইয়র্কারের মিশেল। নাহিদ রানা এখন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম আলোচিত নাম। অস্ট্রেলিয়া সিরিজের পর আফগানিস্তান টেস্টেও তাকে পাওয়া যাচ্ছে না। তবে রানাকে পুরোপুরি পরিকল্পনার বাইরে রাখছে না নির্বাচক কমিটি।

হাবিবুল বাশার জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর থেকে রানাকে পাওয়া যাবে। সামনে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট থাকায় তাকে সেসব ম্যাচের জন্য প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। তাসকিনের ক্ষেত্রেও সিদ্ধান্তটি বিশ্রামের। খেলার চাপ কমাতে আফগানিস্তান টেস্ট থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে তাসকিনকে পুরোপুরি পাওয়াই বিসিবির লক্ষ্য। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের আগে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক।

তাসকিন-রানার অনুপস্থিতির পাশাপাশি আফগানিস্তান টেস্টের দলে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তিও আলোচনায় এসেছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা জাকের সবশেষ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার তাকে নেওয়ার কারণ হিসেবে তার সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে নির্বাচক কমিটি।

প্রধান নির্বাচক জানিয়েছেন, দ্বিতীয় উইকেটকিপারব্যাটার হিসেবে জাকেরকেই উপযুক্ত মনে হয়েছে তাদের। তিনি জানান, জাকের আবার নিজের ফর্ম ফিরে পেয়েছেন। পাশাপাশি এই টেস্টগুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই বেশি আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।

এমআই