Advertisement
Us Bangla Airlines
হালান্ডের মতো কেন উদযাপন করেছেন অভিষেক শর্মা

হালান্ডের মতো কেন উদযাপন করেছেন অভিষেক শর্মা

খেলা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

গোল করার পর ধ্যানমগ্ন ঋষির মতো বসে পড়া আর্লিং হালান্ডের ট্রেডমার্ক উদযাপন। আফগানিস্তানের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করার পর একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা গেল অভিষেক শর্মাকেও। তবে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ডকে অনুকরণ করতেই যে ভারতীয় ওপেনারের এমন উদযাপন, তা নয়। এর পেছনে ছিল ব্যক্তিগত এক গল্প।

দিল্লিতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঝড় তুলেছেন অভিষেক। মাত্র ৩৪ বলে ১০৮ রানের ইনিংসে মেরেছেন ১১ ছক্কা ও ৯ চার। আরও অবিশ্বাস্য ব্যাপার, সেঞ্চুরির জন্য তার লেগেছে মাত্র ৩০ বল। এই ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন অভিষেক।

রেকর্ডের এই ঝড়ের মাঝেই ইনিংসের নবম ওভারে ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এরপরই ক্রিজে বসে পড়েন ধ্যানের ভঙ্গিতে। মুহূর্তেই তার উদযাপন মনে করিয়ে দেয় হালান্ডের সেই পরিচিত উদযাপনকে।

কিন্তু ম্যাচ শেষে অভিষেক পরিষ্কার করে দিয়েছেন, এটি হালান্ডকে অনুকরণ করে করা কোনো উদযাপন নয়। বরং গত কয়েক মাস ধরে নিজের মানসিক স্থিরতা ধরে রাখতে যে মেডিটেশন করছেন, সেই অভ্যাসেরই প্রকাশ ঘটেছে মাঠে।

অভিষেক বলেন, ‘গত ছয় মাস বা এক বছর ধরে আমি এই বিষয়টি চর্চা করছি। আমি ধ্যান ও সংকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। কারণ বছরজুড়ে ক্রিকেট খেলার সময় একজন ক্রিকেটারের জীবন অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। এসবের মধ্যে নিজের মনকে কীভাবে স্থির রাখা যায়? আমার মনে হয়, মেডিটেশন আমাকে অনেক সাহায্য করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু চেয়েছি, কেউ যদি এটা দেখে, কোনো ক্রিকেটার যদি অনুধাবন করতে পারে যে গত ছয় থেকে আট মাসে এটা আমাকে সত্যিই সাহায্য করেছে। বিশেষ এই উদযাপন সেজন্যই ছিল, আর এটা এমন একটা বিষয় যা আমাকে মানসিকভাবে স্থির রাখছে।’

অর্থাৎ, বাইরে থেকে দেখলে উদযাপনটা হালান্ডের মতো মনে হলেও আদতে অভিষেকের কাছে এটি নিছক কোনো তারকার অনুকরণ নয়। ৩০ বলে সেঞ্চুরির উন্মাদনার মাঝেও কয়েক মুহূর্তের সেই নীরবতা ছিল নিজের মনকে স্থির রাখার বার্তা।

এমআই