৫৯ বছরের পুরনো ছক্কার রেকর্ড ভাঙলেন পাকিস্তানি ক্রিকেটার
খেলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮
এক ইনিংসে ১৩ ছক্কা মেরে পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে কীর্তি গড়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক মজিদ খান, এবার সেটিই ছাড়িয়ে গেলেন ২৩ বছর বয়সী মোহাম্মদ ফারুক। এক ইনিংসে ১৪ ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস লিখেছেন পাকিস্তানের এই ওপেনার। তাতেই ভেঙেছে ৫৯ বছর ধরে অক্ষত থাকা ছক্কার রেকর্ড।
রাওয়ালপিন্ডির শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ানে খান রিসার্চ ল্যাবরেটরিজের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন ফারুক। মার্কর আইটি সলিউশনসের হয়ে ওপেন করতে নেমে মাত্র ৯৯ বলে করেন ১৬৩ রান। ইনিংসজুড়ে চার মেরেছেন ১১টি, ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন ১৪টি।
শুধু ছক্কার রেকর্ডই নয়, রান তোলার গতিতেও ছিলেন দুর্দান্ত। মাত্র ৬৭ বলেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামলেও তার ইনিংসকে আলাদা করে ইতিহাসে জায়গা করে দিয়েছে ১৪ ছক্কা।
এর আগে পাকিস্তানি ব্যাটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল মজিদ খানের দখলে। ১৯৬৭ সালে সোয়ানসিতে গ্ল্যামারগনের হয়ে অপরাজিত ১৪৭ রানের ইনিংসে ১৩টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। দীর্ঘ ৫৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ফারুক।
পাকিস্তানের মাটিতে হওয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটেও এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ১৯৭৬-৭৭ মৌসুমে লাহোরে পাকিস্তান ইউনিভার্সিটির বিপক্ষে রেলওয়েজের হয়ে ২০৭ রান করার পথে গুলফরাজ খান মেরেছিলেন ১২টি ছক্কা। ১৯৯৬ সালে শেখুপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের ঐতিহাসিক ইনিংসেও ১২ ছক্কা মেরেছিলেন ওয়াসিম আকরাম। দুজনকেই পেছনে ফেলেছেন ফারুক।
এমআই