Advertisement
Us Bangla Airlines
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতের তারকা ক্রিকেটার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতের তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ২২:১৪

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন ভারতের ক্রিকেটার অভিষেক পোরেল। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার এই ক্রিকেটারকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিকেল পড়ুয়া এক নারী শিক্ষার্থীর করা মামলায় অভিষেককে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। শুধু তা-ই নয়, ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি।

হুগলির মগরা থানায় মামলাটি করেন ওই শিক্ষার্থী। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আজ অভিষেককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

মামলার তদন্তে গতি আনতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযুক্ত ক্রিকেটারকে অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর অভিষেকের মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে মগরা থানার পুলিশ। ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেই উদ্দেশ্যেই এসব ডিভাইস জব্দের নির্দেশ দেওয়া হয়। তদন্তের স্বার্থে পুলিশ একটি পেনড্রাইভও জব্দ করেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিযোগকারীর প্রথম এজাহারে আরও গুরুতর কিছু অভিযোগের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, অভিষেক তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন। তাঁকে খাবার না দিয়ে সম্পূর্ণ একা করে রাখা হয়েছিল। এর ফলে ওই শিক্ষার্থী শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে একপর্যায়ে হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে ছিল। তবে ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের বিষয় জানতে পারার পর তাঁদের সম্পর্কে চিড় ধরে।

বাংলার ক্রিকেটে অভিষেক পোরেল পরিচিত মুখ। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পরে ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।