Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে আলিস কেন নেই?

অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে আলিস কেন নেই?

খেলা ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ২৩:০২

দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না আলিস আল ইসলামের। রহস্যময় স্পিনে ঘরোয়া ক্রিকেটে একের পর এক চমক দেখিয়েও এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি এই স্পিনারের। অথচ দুইবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রতিবারই বাধা হয়ে দাঁড়িয়েছে চোট।

সর্বশেষ বিপিএলে চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন আলিস। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফিরেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি। রহস্যময় স্পিনের ঘূর্ণিতে ঘরোয়া ক্রিকেটের প্রতিষ্ঠিত ব্যাটারদের নাকাল করে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হন এই স্পিনার। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি।

আলিসের দুর্ভাগ্যের গল্প অবশ্য নতুন নয়। এর আগের বিপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। চট্টগ্রামকে ফাইনালে তোলার পথে ছিলেন দলের অন্যতম নায়ক। কিন্তু ইনজুরিতে পড়ে আবারও ছিটকে যান দীর্ঘ সময়ের জন্য।

২০২৪ বিপিএলে ফের আলো ছড়ান আলিস। দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নেন জাতীয় দলের স্কোয়াডে। কিন্তু ভাগ্য তখনও সহায় হয়নি। চোটের কারণে জাতীয় দলের অনুশীলন জার্সিও গায়ে তোলা হয়নি তার। তার পরিবর্তে দলে ডাক পান জাকের আলী।

অভিষেকেই আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন জাকের, পরে হয়ে ওঠেন একাদশের নিয়মিত মুখ। যদিও পরবর্তীতে অফফর্মের কারণে দল থেকেও বাদ পড়েন তিনি। সময় গড়িয়েছে, কিন্তু আলিসের জাতীয় দলে অভিষেকের অপেক্ষা ফুরোয়নি। তবে তাকে নিয়ে বিসিবির আগ্রহ কমেনি। 

জাতীয় দলে নেওয়ার আগে আলিসকে ধাপে ধাপে পরখ করে নিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে আলিসকে দেখা যাবে, এমনটা ধারণা করা হয়েছিল। বিশেষ করে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে তার অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু ঘোষিত এইচপি স্কোয়াডে নেই তার নাম।

আলিস কেন নেই?

বিসিবি সূত্রে জানা গেছে, আলিসকে অস্ট্রেলিয়ার বদলে পাঠানো হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলবেন তিনি। সম্প্রতি ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফিরেছে। এবার সেই প্রোটিয়া মাটিতেই ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আর সেই দলেই থাকছেন আলিস আল ইসলাম।

তাই অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে তার না থাকা কোনো বাদ পড়ার ঘটনা নয়। বরং অন্য একটি সফরে খেলার সুযোগ পেয়েছেন এই স্পিনার। অস্ট্রেলিয়া সফরে আলিসের সম্ভাব্য জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ রুবেল।

জাতীয় দলের দরজা এখনো আলিসের জন্য খোলা। তবে সেই দরজায় পৌঁছাতে তাকে পেরোতে হবে আরও কয়েকটি ধাপ। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে এবার সেই পরীক্ষারই আরেকটি পর্বে নামছেন রহস্যময় এই স্পিনার।

এমআই